POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ মানববন্ধন

হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬ | সময়: ২:৪২ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদ ও তাঁর ছেলে ইসমাইল নামে দুজনকে আটক করেছে পুলিশ। নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের আলী আহম্মদের ছেলে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পাশের শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই মানিক হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় এক মাস আগে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে এনায়েতপুর ও ধোপল্যা গ্রামের খেলোয়াড়দের মাঝে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে যাত্রী নিয়ে অটোরিকশা চালিয়ে মোহাম্মদপুর গ্রামের দিকে যাওয়ার পথে ধোপল্লা বাজারের উত্তর পাশে শাহজাহানকে আটকানো হয়। একপর্যায়ে ২০-২৫ জন ব্যক্তি তাঁকে এনায়েতপুর গ্রামের বাসিন্দা হিসেবে শনাক্ত করে মারধর শুরু করে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাঁকে কিল-ঘুষি, লাথি এবং পা দিয়ে পিষ্ট করে গুরুতর আহত করে। পরে তাঁকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই বাবুল বলেন, ‘আমার ভাই একজন সামান্য অটোরিকশাচালক। খেলার বিরোধের বিষয়ে সে কিছুই জানে না। অথচ অযথা আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

নিহতের বোন নাসরিন ও খুশি বেগমও ভাই হত্যার সুষ্ঠু বিচার দাবি করে সরকারের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।

এদিকে শাহজাহানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। তাঁর আট বছর বয়সী ছেলে সাজ্জাদ ও ১১ বছর বয়সী মেয়ে সারমিন বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে। অবুঝ দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। অন্যদিকে ৮০ বছর বয়সী বৃদ্ধ বাবা ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। নির্বাক দৃষ্টিতে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছেন।

এলাকাবাসী দুলাল ও সিএনজিচালক সুমন জানান, শাহজাহান অত্যন্ত সহজ-সরল মানুষ ছিলেন। তিনি খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে এভাবে মারধর করে হত্যার ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন