POPULAR BD NEWS
Popular BD News Logo

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬ | সময়: ২:৩০ অপরাহ্ণ

“ডায়াবেটিসে দেরি নয়-ব্যবস্থা নিন এখনই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের স্বাস্থ্য প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

​আলোচনা সভার পূর্বে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রাঙ্গণ থেকে অতিথিগণ,সকল সদস্যবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে স্কাউট সদস্যদের বাদকদের তালে তালে একটি বর্ণাঢ্য রোড- শো বের করা হয়।

​পরে চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল আজমের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষক মোঃ জাকির হোসেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও চ্যাডাস-এর সভাপতি জনাব আহমেদ জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং জীবনযাত্রার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, ডায়াবেটিক রোগীদের উন্নত সেবা দানে ডায়াবেটিক হাসপাতালকে আরও গতিশীল করতে হবে এবং এর চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা আরও প্রসারিত করার কোনো বিকল্প নেই।
বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। তবে উদ্বেগের বিষয় হলো, তালিকার ওপরের দিকে থাকা অন্য দেশগুলোর জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। কায়িক শ্রম কমে যাওয়া, জীবনযাত্রার পরিবর্তন এবং কৃষিকাজে শ্রমিকের স্বল্পতার কারণে গ্রামীণ অঞ্চলেও ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।

ডায়াবেটিস রোগীদের সেবার মান বাড়াতে এবং জনসচেতনতা তৈরিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

​বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. খায়রুল কবীর, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.কে.এম মাহাবুবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শায়ের গফুর এবং প্রতিপাদ্য বিষয়ের ওপর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপন করেন পুষ্টিবিদ মোঃ মাজহারুল হক চৌধুরী।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও আজীবন সদস্য সোহেল রুশদী, প্রতিষ্ঠাতা ও চাঁদপুর চেম্বার সভাপতি সুভাষ চন্দ্র রায়, পরিচালনা পর্ষদ সদস্য ডা. বিশ্বনাথ পোদ্দার, আজীবন সদস্য ডা. মাঈনুল মজুমদার, শিশু বিশেষজ্ঞ ডা. গফুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টার, রোটারিয়ান মাহমুদা খানম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল, রাজনীতিবিদ মজিবুর রহমান এবং অ্যাডভোকেট কামাল উদ্দিন প্রমুখ।

​বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্প পরিচালনা, মেডিকেল ক্যাম্পের পরিধি বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ওপর বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরেন। অনুষ্ঠান শেষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আরও যুগোপযোগী ও জনকল্যাণমুখী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন