চাঁদপুরের হাজীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর ঈদগাহের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাঁকৈরতলা গ্রামের তৈয়ুব আলীর ছেলে শামছুল আলম তারেক, দেলোয়ারের ছেলে রাসেল এবং নুর হোসেনের ছেলে তুহিন। তারা বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, তারা জগন্নাথপুর গ্রামের একটি ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফিরছিলেন। পথে জগন্নাথপুর গ্রামের শুভ (পিতা আলাউদ্দিন), শাহিদ (পিতা মাসুদ), রাকিব (পিতা শহিদ), শামীম (পিতা মাসুদ), নাফিজ (পিতা নুরু)সহ অজ্ঞাতনামা আরও ১০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা তিনজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভুইয়া জানান, ওই এলাকা থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ পাঠানো হয়েছে।