POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬ | সময়: ১২:৪৬ অপরাহ্ণ

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (১১ নভেম্বর) জেলার বিভিন্ন থানা-পুলিশের পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের দেয়া তথ্যে জানাগেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ২ জন, শাহরাস্তি থানায় ৩ জন এবং কচুয়া থানায় ১ জন রয়েছেন।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিভিন্ন মামলায় চাঁদপুর সদর মডেল থানায় ৯ জন, হাইমচর থানায় ১ জন এবং ফরিদগঞ্জ থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন ধারা ও বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১০ জন, হাইমচর থানায় ২ জন, ফরিদগঞ্জ থানায় ৩ জন এবং শাহরাস্তি থানায় ২ জন আসামী গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, হাজীগঞ্জ থানায় ২ জন এবং কচুয়া থানায় ৫ জন রয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন