পতিত স্বৈরাচার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের কথিত নৈরাজ্য, সহিংসতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ছেংগারচর থানা প্রাঙ্গণের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা প্রাঙ্গণের সামনে এসে শেষ হয়।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ আলম মুরাদ, সদস্য কবির সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির মৃধা, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়া কামাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্য সচিব ফরহাদ হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেকোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তাঁরা সোচ্চার রয়েছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অন্যায়, অনিয়ম ও অপতৎপরতার প্রতিবাদ অব্যাহত রাখবেন। কোনো অপশক্তি যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।