POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য দুলালের রক্তাক্ত মরদেহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬ | সময়: ১:২১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামের সাবেক এক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

​নিহত দুলাল মিয়াজী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।

​নিহতের পরিবারের স্বজন ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা গেছে, গ্রেপ্তারের ভয়ে দুলাল মিয়াজী গত কয়েক দিন ধরে রাতে ঘরে ঘুমাতে পারতেন না। মঙ্গলবার সন্ধ্যায় তার মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরবর্তীতে বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নিহতের শরীরে, বিশেষ করে মাথা ও পিঠে মারাত্মক জখম ও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

​এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।”

​এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন