POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব!

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬ | সময়: ১:০৪ পূর্বাহ্ণ

সরকারি খাতা-কলমে সবকিছুই একেবারে নিখুঁত এবং নিয়মমাফিক। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) অধীনে চলছে ২২৭ টি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র। এসব কেন্দ্রের নিবন্ধিত শিক্ষার্থী রয়েছে ৭ হাজারের বেশি। কাগজে-কলমে শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন এবং মাস শেষে সরকারি কোষাগার থেকে তাদের সম্মানী ভাতাও দেওয়া হচ্ছে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। কোথাও শিক্ষার্থীহীন শ্রেণিকক্ষ, কোথাও তালাবদ্ধ কেন্দ্র। অথচ এসব কেন্দ্রের শিক্ষকরা প্রতি মাসেই সরকারি অর্থ থেকে সম্মানী তুলছেন।

কেন্দ্রগুলোর ২২৭ জন শিক্ষক মাসে ৬ হাজার টাকা করে সম্মানী পান। এতে বছরে ব্যয় হয় প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা।

পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের স্বজনদের নামে কেন্দ্র বরাদ্দ, কাগজে শিক্ষার্থী দেখিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগও উঠেছে। ফলে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে পরিচালিত প্রকল্পে বছরে প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, মতলব উত্তর উপজেলায় বর্তমানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় রয়েছে ২২৭ টি কেন্দ্র। প্রাক-প্রাথমিকে ১২২টি কেন্দ্রে ৩০ জন করে ৩ হাজার ৬৬০ জন।সহজ কোরআন শিক্ষায় ১০৫ টি কেন্দ্রে ৩৫ জন করে ৩ হাজার ৬৭৫ জন। মোট শিক্ষার্থী দেখানো হয়েছে ৭ হাজার ৩৩৫ জন।

গত ১ থেকে ৯ নভেম্বর মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত ৩৮টি কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা যায়, সরকারি হিসাবের সঙ্গে বাস্তবতার বিস্তর অমিল। বেশিরভাগ প্রাক প্রাথমিক কেন্দ্রে শিক্ষার্থী সংখ্যা ৩০ জন হলেও উপস্থিত ৯ থেকে ১০ জন। হাতেগোনা কয়েকটি সহজ কোরআন শিক্ষাকেন্দ্র ছাড়া অধিকাংশ প্রাক-প্রাথমিক কোনো পাঠদান দেখা যায়নি। সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত পাঠদানের কথা থাকলেও অধিকাংশ কুরআন শিক্ষা কেন্দ্র সময়ের অনেক আগেই ছুটি দেওয়া হয়। কোথাও তালা ঝুলছে, কোথাও শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই, আবার কয়েকটি কেন্দ্র নির্ধারিত ঠিকানায় খুঁজেই পাওয়া যায়নি।

উপজেলার মিঠুরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের মসজিদ ভিত্তিক গণশিক্ষিকা কার্যক্রমের শিক্ষক মো. ফয়সাল আহমেদ জানান আমি গত আগস্টে আমার কেন্দ্রটি বন্ধের জন্য আবেদন করেছি, কারণ হিসেবে তিনি বলেন এখানে ছাত্রছাত্রী না থাকলেও হাজিরা দিতে হয় মূল্যায়ন দিতে হয়, কাগজে সবকিছু ঠিকঠাক রাখতে হয় আমি এই মিথ্যা কাজ করতে চাই না তাই বন্ধের জন্য আবেদন করেছি, উনার কথার এই প্রমাণ মিলে যখন সরজমিনে মুন্সীকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে দেখা যায় বর্তমান মাসের ৯ তারিখ চললেও ছাত্র ছাত্রীদের হাজিরা খাতায় হাজিরা শুধু ৪ তারিখ পর্যন্ত এবং ছাত্র ছাত্রীর সংখ্যাও তুলনামূলক ভাবে অনেক কম।

দুর্গাপুর ইউনিয়নের মিঠুর কান্দির প্রাক- প্রাথমিক কেন্দ্রে গিয়ে দেখা যায় খাতা কলমেতে ৩০ জন শিক্ষার্থী থাকলেও উপস্থিত সাতজন এবং হাজিরা খাতায় গত ৪ তারিখের পর থেকে কোন শিক্ষার্থীর হাজিরা নেই এই বিষয়ে শিক্ষক নুরুন্নাহার বলেন গত কিছু দিনের হাজিরা দেওয়া হয়নি আজকে অনেক শিক্ষার্থী ছুটিতে আছে। আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই অসুস্থ তাই আসতে পারেনি।

কলাকান্দা ইউনিয়নের মিলারচর বাড়েক মোল্লা বাড়ির প্রাক- প্রাথমিক কেন্দ্রের পার্শ্ববর্তী বাসিন্দা আলী আশাদ বেপারী বলেন, এখানে একটা ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র আছে মাঝে-মধ্যে এখানে ৫থেকে ৭জনের মত ছেলে মেয়ে আসে। বাকি সময় বন্ধ থাকে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জাহিদুল হক বলেন, আগামীকাল অফিসে আসেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শাখায় যারা চাকরি করেন, তারা সবাই মতলব উত্তরেরই বাসিন্দা। দায়িত্ব পালনে কারও কোনো ধরনের অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি মাহমুদা কুলসুম অভিযোগের বিষয়ে জানান, কার্যক্রম বিহীন সরকারের এতগুলো টাকা নষ্ট করার কোন মানে হয় না, ৩০ জনের কম শিক্ষার্থী হলে পরবর্তী বছর কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন