চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার ভবন বাজারে বকেয়া টাকা ও বাকিতে পণ্য না দেওয়াকে কেন্দ্র করে দোকান মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আবিদ (২৭) নামে এক যুবক। এ ঘটনায় দোকান মালিক আলম ও অভিযোগকারী আবিদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।
দোকান মালিক আলমের দাবি, প্রায় পাঁচ-ছয় মাস আগে আবিদ এক মাসের মধ্যে টাকা পরিশোধের শর্তে তাঁর দোকান থেকে প্রায় ৩ হাজার টাকার পণ্য বাকিতে নেন। কয়েক মাস ধরে ধাপে ধাপে টাকা পরিশোধ করলেও এখনো ৮৫০ টাকা বকেয়া রয়েছে।
আলম জানান, গত ৭ নভেম্বর আবিদ পুনরায় দোকানে এসে বাকিতে পণ্য চাইলে আগের বকেয়া থাকায় তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরদিন আবিদের খালাতো ভাই পরিচয়দানকারী সাগরও দোকানে এসে বাকিতে পণ্য নিতে চাইলে তাঁকে একই কথা জানানো হয়।
এরপর ৮ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে চাঁদপুর মডেল থানার এএসআই নিজাম উদ্দিন দোকানে গিয়ে আলমকে জানান, আবিদ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে আবিদ জানান, শুধু বাকিতে পণ্য না দেওয়ার কারণে তিনি অভিযোগ করেননি। তাঁর দাবি, দোকান মালিক আলম তাঁর খালাতো ভাই সাগরের কাছে তাঁকে নিয়ে খারাপ ও আপত্তিকর মন্তব্য করেছেন। এতে অপমানিত বোধ করে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে এএসআই নিজাম উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, বাকি পণ্য না দেওয়া এবং আবিদকে নিয়ে মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী ১০ নভেম্বর উভয় পক্ষকে থানায় উপস্থিত হতে বলা হয়েছে। তাঁদের বক্তব্য শুনে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হবে।