চাঁদপুরের হাজীগঞ্জে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা আলীগঞ্জ-হাটিলা হাড়িয়াইন আড়ং বাজারের ২ কিলোমিটার ভাঙা সড়ক নিজ উদ্যোগে সংস্কার করেছেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া।
রোববার দিনব্যাপী উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এ সড়কের বিভিন্ন স্থানে ইট ও বালু ফেলে গর্ত ভরাট করেন তিনি। পাশাপাশি সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করে যানবাহন ও পথচারীদের চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন।
দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের। এছাড়া সড়কের পাশের ঝোপঝাড়ের কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে সমস্যা হতো, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিত।
সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কারে এগিয়ে আসেন সম্রাট প্রধানীয়া। তাঁর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর প্রত্যাশা, ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সড়কটির স্থায়ী সংস্কারে এগিয়ে আসবে। এতে প্রায় ১৫ হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে।