চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী, মাদকসংশ্লিষ্ট একজন ও জিআর-সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (৮ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৮ জন, হাইমচরে ১ জন, ফরিদগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ৩ জন, মতলব উত্তরে ১ জন, হাজীগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে ২ জন এবং কচুয়ায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিআর ও সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে মতলব উত্তর থেকে ২ জন এবং কচুয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, মতলব উত্তর থানা পুলিশ ৫ জন এবং কচুয়া থানা পুলিশ ৪ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে। পরে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।