৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা অর্জন করেছে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা কেন্দ্রীয় বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড। ২০২৫ সমবায় বর্ষে ‘অডিট ফি ও সিডিএফ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমিতি নির্বাচিত হওয়ায় এ সম্মাননা প্রদান করা হয়।
রোববার (৮ নভেম্বর) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সম্পাদক মো. নাছির উদ্দিনের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় অবস্থিত সমিতিটি ২০২৩ সালের ৯ অক্টোবর নিবন্ধিত হয়। সমিতির নিবন্ধন নম্বর ১৩৩।
এ অর্জনে সমিতির সম্পাদক মো. নাছির উদ্দিন ও অর্থ সম্পাদক মো. খালেদ হোসেন খান সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান, সমিতির সদস্যদের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা ও ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন কমিটির সভাপতি মো. শাহাব উদ্দিন স্বাক্ষরিত সম্মাননা সনদ ও স্মারক প্রদান করা হয়।
এ অর্জনে সমিতির সদস্য ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে। ভবিষ্যতেও সমবায়ের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধি, আর্থিক সহযোগিতা এবং সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সমিতির নেতৃবৃন্দ।