অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে চাঁদপুর জেলা পুলিশ। এবার চক্রের আরও ২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই চক্রের মোট ১১ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। এর আগে পর্যায়ক্রমে ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে বুধবার বিকালে ৪ নভেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
গ্রেপ্তারকৃতরা হলেন সন্দ্বীপের শ্রী শান্ত শীল (২৫) ও মিঠুন সূত্রধর (২৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামি ইলিশ বিক্রির নামে প্রতারণা চক্রের সহযোগী হিসেবে কাজ করত। তারা চক্রের ফেসবুক প্রচারণা, পেজের পোস্ট বুস্ট করা এবং ওয়েবসাইট খুলতে সহযোগিতা করত।
অভিযানে আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ ৩টি মোবাইল ফোন, ৪টি খোলা সিম, ১টি ল্যাপটপ ও ১টি কম্পিউটার পিসি জব্দ করা হয়েছে।
চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় ৩ নভেম্বর সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আনছার উল্লাহ, এসআই জিয়াউল হক জিয়া, এএসআই মোঃ ইলিয়াস ও এএসআই জহির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে চক্রের সহযোগী দুই আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।