POPULAR BD NEWS
Popular BD News Logo

ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার

আলমগীর কবির | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬ | সময়: ১১:১৬ অপরাহ্ণ

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন করা নয়, বরং একজন শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে।

গত ৩ নভেম্বর হাজীগঞ্জের মেনাপুর পীর বাদসা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় বলেন

তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় ভালো ফলাফল করার প্রবণতা বেশি দেখা যায়। তবে শুধু পরীক্ষার নম্বর বা জিপিএ দিয়ে একজন শিক্ষার্থীর প্রকৃত মেধা ও যোগ্যতা মূল্যায়ন করা যায় না। শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী যেন বাস্তব জীবনের সমস্যা মোকাবিলা করতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে—সেদিকে গুরুত্ব দিতে হবে।

জেলা শিক্ষা অফিসার আরও বলেন, শিক্ষার্থীদের মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে এসে বুঝে শেখার প্রতি আগ্রহী হতে হবে। পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগানোর সক্ষমতা অর্জন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শ্রেণিকক্ষে পাঠদানকে আরও আনন্দদায়ক ও শিক্ষার্থীবান্ধব করতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষার প্রস্তুতি নয়, বরং তাদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কাজ করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের প্রতিভা বিকাশের সুযোগ পায়, তা নিশ্চিত করা প্রয়োজন।

অভিভাবকদের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের ভালো ফলাফলের জন্য অতিরিক্ত চাপ না দিয়ে তাদের শেখার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত ভালো ফলাফল নয়, বরং ভালো শিক্ষিত মানুষ তৈরি করা। কারণ প্রকৃত শিক্ষা একজন মানুষকে আলোকিত করে, তার বিবেক জাগ্রত করে এবং সমাজকে এগিয়ে নিয়ে যায়।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জন সরকার সহ বিদ্যালেয়র সকল শিক্ষক বৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন