ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মৃতদেহ বহন করে রাতদিন ছুটে বেড়াতেন তিনি। সেই ডেঙ্গু রোগেই শেষ পর্যন্ত প্রাণ হারালেন অ্যাম্বুলেন্সচালক সোহেল মোল্লা (২৮)।
মঙ্গলবার (৩ নভেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সোহেল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোল্লা বাড়ির তাজুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে সোহেল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই বিল্লাল মোল্লা।
পেশায় অ্যাম্বুলেন্সচালক সোহেল জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে রোগী পরিবহনের কাজে নিয়োজিত ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বহন করেও তাঁকে নিয়মিত ছুটে বেড়াতে হতো। শেষ পর্যন্ত ডেঙ্গুর সঙ্গে লড়াইয়ে হার মানলেন তিনিও।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও মা-সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকালমৃত্যুর খবরে পরিবার, স্বজন ও স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের কাছে সৎ, কর্মঠ ও পরিচিত মুখ হিসেবে পরিচিত ছিলেন সোহেল। মাত্র ২৮ বছর বয়সে তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।