POPULAR BD NEWS
Popular BD News Logo

ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া

মাহফুজ মল্লিক | প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬ | সময়: ৯:৪৬ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল আদর্শ একাডেমির প্লে গ্রুপের মেধাবী শিক্ষার্থী সামির বকাউলের স্মরণে দোয়া ও মিলাদের আয়োজন করেছে সহপাঠীবৃন্দ।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত সামির বকাউল (৫) গত ৩০ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে মাছুয়াখাল দিঘীরপাড় জাকির বকাউলের ছেলে। চার বোনের একমাত্র ভাই ছিল সামির।
পরিবারের সবার আদরের ছোট্ট সামির বকাউলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে।

প্রিয় শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মাছুয়াখাল আদর্শ একাডেমি শিক্ষক ও সহকর্মীবৃন্দ।সোমবার (২ নভেম্বর)মাছুয়াখাল আদর্শ একাডেমি শিক্ষক ও সহকর্মীবৃন্দ সামির বকাউলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিদ্যালয় প্রাঙ্গণে শোক কর্মসূচি ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে। এ সময় তারা প্রয়াত সহপাঠীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। পরে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিশেষ দোয়া। শিক্ষক-শিক্ষার্থীরা সামিরের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি ও ধৈর্য কামনা করেন।

বিদ্যালয় প্রাঙ্গণে ছোট ছোট শিক্ষার্থীদের নীরব দাঁড়িয়ে থাকা, প্রিয় সহপাঠীর স্মৃতিচারণ ও দোয়ায় অংশ নেওয়ার দৃশ্য এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। যে সহপাঠীর সঙ্গে কিছুদিন আগেও একই আঙিনায় কাটত তাদের শৈশবের সময়, তার স্মরণেই এদিন একত্রিত হয়েছিল শিক্ষক-শিক্ষার্থীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন