চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা
মো. হোসেন বেপারী, চাঁদপুর
চাঁদপুরের মহামায়া, বাকিলা ও বলাখাল বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ অভিযানে ফ্রিজে বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে তাজ হোটেলকে ১০ হাজার টাকা এবং অনুমোদনহীন নিম্নমানের এলইডি লাইট বিক্রির অপরাধে মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আব্দুল্লাহ আল ইমরান জানান, প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়।
অভিযানকালে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
বার্তা প্রেরক
মো. হোসেন বেপারী, চাঁদপুর
মোবাইল- ০১৬৬০-১৫৪২৯১