চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিস নিছা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং দেশ গঠনে যুবকদের ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুবকদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।