চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে রাস্তা সম্প্রসারণের কাজের সুবিধার্থে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করা হবে। এ কারণে আগামী ২ নভেম্বর (সোমবার) থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর হাজীগঞ্জ সদর দপ্তর থেকে ১ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা-চাঁদপুর সড়কের হাজীগঞ্জ বাজারে রাস্তা সম্প্রসারণের কাজ চলমান থাকায় রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি নিরাপদ দূরত্বে স্থানান্তরের প্রয়োজন দেখা দিয়েছে। এ কাজের অংশ হিসেবে ২ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুঁটি স্থানান্তরের কাজ চলবে এবং কাজ চলাকালীন বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ ছাড়া রাস্তার দুই পাশে পৌরসভার পানির লাইন, গ্যাস, ইন্টারনেট, ওয়াইফাই ও ডিশ লাইনের তার থাকায় খুঁটি স্থানান্তরের সময় যানজট সৃষ্টি এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় উন্নয়নমূলক কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।