POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল

সুমন আহমেদ | প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬ | সময়: ৯:১৮ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলায় ঋণের টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে আপন ভাবিকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর এবং অসুস্থ ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর করতে দেখা যায়। এ ছাড়া এক ব্যক্তির ওপর হামলার দৃশ্যও রয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি উপজেলার পূর্ব ষাটনল গ্রামের প্রধান বাড়ির। এ ঘটনায় নার্গিস আক্তার (৪৫) তার দেবর কবির হোসেন প্রধান (৪০), দেবরের স্ত্রী শাহিনুর বেগম (৩৬) ও তাদের মেয়ে কাশফিয়া আক্তারকে (১৮) বিবাদী করে মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নার্গিসের স্বামী মনির হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ। তার চিকিৎসার জন্য দেবর কবির হোসেনের কাছ থেকে ৩১ হাজার টাকা ধার নেন নার্গিস। পরে পাঁচ হাজার টাকা পরিশোধ করা হয়। বাকি ২৬ হাজার টাকা দুই মাস পর পরিশোধের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছিল বলে দাবি করেন তিনি।

গত ২১ অক্টোবর সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। নার্গিসের অভিযোগ, ওই সময় কবির হোসেন ও তার স্ত্রী তাকে গালিগালাজ করেন এবং মারধর করেন। পরে বাড়িতে যাওয়ার পথে তাকে আটকে কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। কবিরের মেয়ে তার ডান হাতের কবজিতে কামড় দিয়ে জখম করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া শাহিনুর বেগম তার গলায় থাকা ছয় আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন নার্গিস। তার চিৎকার শুনে স্বামী মনির হোসেন ও মেয়ে মুনিয়া এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। অসুস্থ মনির হোসেনের বুকে লাথি মারা এবং মুনিয়ার গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করার অভিযোগও রয়েছে। পরে আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে মামলার বাদি নার্গিস আক্তার বলেন, তার স্বামীর চিকিৎসার জন্য বিভিন্নজনের কাছ থেকে ধারদেনা ও কিস্তিতে টাকা তুলে সংসার চালাতে হচ্ছে। তার ভাষ্য, দেবর বিদেশ থেকে দেশে ফেরার পর পাওনা টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কয়েক দিন আগে কিস্তির টাকা থেকে পাঁচ হাজার টাকা পরিশোধও করেছেন তারা। বাকি টাকা তার ছেলে পরিশোধ করবে বলে জানিয়েছিল।

নার্গিস বলেন, ২১ অক্টোবর সকালে আমি জামাইবাড়িতে যাওয়ার সময় তারা আমার ওপর হামলা চালায়। চুলের মুঠি ধরে মাটিতে ফেলে ইচ্ছেমতো মারধর করেছে। আমার অসুস্থ স্বামীকেও অনেক মারধর করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে শাহিনুর বেগমের দাবি, পাওনা টাকা চাইতে গেলে নার্গিসের পরিবারের লোকজন তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাদের জায়গায় এসে মারধর করেন। তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর শেষের অংশ দেখানো হচ্ছে, এর আগে তাঁদের ওপরও হামলা চালানো হয়েছিল।

এদিকে ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, গতকাল থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন