POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময়

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬ | সময়: ৯:০১ পূর্বাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো.শাহিদুল ইসলাম সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পয়ালজোষ উত্তরপাড়া বায়তুল মামুর জামে মসজিদে আসরের নামাজ আদায় শেষে তিনি ইউনিয়নের ৪, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। স্থানীয় বাসিন্দারাও চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

কুশল বিনিময়কালে শাহিদুল ইসলাম বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে জানা সম্ভব। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এলাকার রাস্তা, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে জনগণের সহযোগিতা নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মো. শাহিদুল ইসলাম বর্তমানে হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

স্থানীয়দের সঙ্গে তাঁর এই কুশল বিনিময় কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন