POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ

হাসান মাহমুদ | প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬ | সময়: ৯:৩৬ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমানে নিষিদ্ধ জাল ও দাহ্য বস্তু জব্দ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ বাজারে পরিচালিত অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল, রিং জাল ও দাহ্য বস্তু জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।

জব্দকৃত জাল ভ্রাম্যমান আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকনের নির্দেশনায় পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং দাহ্য বস্তু বিস্ফোরক পরিদপ্তরের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দুটি গোডাউন সিলগালা করা হয়।

জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় হাজীগঞ্জ বাজারে দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হাজীগঞ্জ বাজারস্থ ট্রাকরোড ও স্বর্ণকার পট্টিতে দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে ১৩ বস্তা, ২ কার্টুন আতশবাজি, রকেট, কিটক্যাট, চরকি ও তারাবাতিসহ বিপদজনক দাহ্য বস্তু জব্দ সহ দুটি গোডাউন সিলগালা করা হয়।

এরপর হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির কয়েকটি দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে একটি খুচরা দোকান ও একটি গোডাউন থেকে নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ বস্তা রিং জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানি আকন বলেন, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন