POPULAR BD NEWS
Popular BD News Logo

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন সাদ্দাম হোসেন মিঠু

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬ | সময়: ১০:০১ অপরাহ্ণ

ক্রীড়াক্ষেত্রে অবদান ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার স্বীকৃতি হিসেবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তির ক্রীড়া সংগঠক সাদ্দাম হোসেন মিঠু। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি প্রিমিয়ার লিগের (এসপিএল) পরিচালক মিঠু এ পুরস্কার অর্জন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন। সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অবদানকে উৎসাহিত করতে এ পুরস্কার দেওয়া হয়। ২০২৬ সালে আটটি ক্যাটাগরিতে দেশের ১৫ জন তরুণ-তরুণীকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

শাহরাস্তি উপজেলায় ক্রিকেটের বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করছেন মিঠু। তাঁর প্রতিষ্ঠিত শাহরাস্তি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণেরা ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন। একাডেমির বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন।

তৃণমূল পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রসারেও ভূমিকা রাখছেন মিঠু। তার পরিচালনায় ২০২৩ সালে শুরু হয় শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল)। টুর্নামেন্টের আয়োজন ও মাঠের নান্দনিক সাজসজ্জা ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে। এতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও সংগীতশিল্পী আসিফ আকবরের উপস্থিতি আয়োজনটিকে বাড়তি আকর্ষণ দিয়েছে।

যুবসমাজকে মাদক ও জুয়ার নেতিবাচক প্রভাব থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তোলা মিঠুর উদ্যোগের অন্যতম লক্ষ্য। ক্রিকেটকে বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যম হিসেবে দেখেন তিনি। স্থানীয় পর্যায়ে ক্রিকেটের অবকাঠামো ও প্রতিযোগিতার সুযোগ তৈরির মধ্য দিয়ে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন এই সংগঠক।

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে মিঠু বলেন, এটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত, যা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই অর্জন আমাকে আগামী দিনে আরও বড় পরিসরে তরুণদের সঙ্গে নিয়ে খেলাধুলার প্রচার ও প্রসারে কাজ করতে অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে সম্পৃক্ত করে খেলাধুলার উন্নয়ন ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে চাই। এ ক্ষেত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব সময় সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আমার প্রত্যাশা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন