সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার। নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তারের পর তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। পরে মামলাটি আদালতে পাঠানো হলে বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন।
অপরাধের গুরুতর প্রকৃতি এবং স্থান ও কালের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত ‘বিবেচনামূলক শাস্তি’র আওতায় তাদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে আপিলেও এ রায় বহাল থাকে। সাজা কার্যকরের জন্য জারি করা হয় রাজকীয় আদেশ।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন বা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং ইসলামি আইন কঠোরভাবে প্রয়োগে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের গুরুতর অপরাধের চেষ্টা করলে তাকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।