বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নে চোখের যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’।
অনুষ্ঠানে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা তাদের সৃজনশীলতা ফুটিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে দৃষ্টিশক্তির সুরক্ষা, চোখের যত্ন এবং অন্ধত্ব প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খাইরুল কবির, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মোঃ আলম পলাশ এবং ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল আমিন খান আকাশসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, “দৃষ্টিশক্তি মানুষের অমূল্য সম্পদ। চোখের সুস্থতা রক্ষায় নিয়মিত চোখ পরীক্ষা করা এবং আগাম সচেতনতা তৈরি করা অত্যন্ত প্রয়োজন।” এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরসহ সাধারণ মানুষের মধ্যে চোখের যত্ন নেওয়ার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
ক্লিন চাঁদপুরের এই উদ্যোগকে দৃষ্টিশক্তি সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এক প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।