চাঁদপুর শহরের নাজিরপাড়া ও বিপণীবাগ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ. এস. এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।
অভিযানকালে প্রতিষ্ঠানটি বিদেশি কসমেটিকস ও শিশুদের পণ্যে মূল আমদানিকারকের স্টিকার না রেখে, নিজেরা বিভিন্ন আমদানিকারকের স্টিকার লাগিয়ে পণ্য বিক্রি করছিল। অপরাধ স্বীকার করে অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় অবৈধ স্টিকারগুলো ধ্বংস করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।