POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪৪ জেলে আটক, সাড়ে চার লাখ করেন্ট জাল ও ১৬ নৌকা জব্দ

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬ | সময়: ১:০৭ অপরাহ্ণ

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে মেঘনা ও পদ্মা নদীবেষ্টিত চাঁদপুর অঞ্চলে কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযান চালিয়েছে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন । ৮ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানের প্রথম ৬ দিনে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের অপরাধে ৪৪ জন জেলেকে আটক ও ১৬ টি নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার দুপুরে কোস্ট গার্ড জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড নদী ও উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি ও সার্বক্ষণিক টহল পরিচালনা করছে।

আটক জেলেদের মধ্যে ৩৮ জনকে কারাদন্ড দেওয়া হয় এবং ১৭ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া নদী থেকে প্রায় ৪ লক্ষ ৬৯ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৪ লক্ষ ৪৩ হাজার টাকা। বিভিন্ন স্থান থেকে ৯০ কেজি ইলিশ এবং অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ১৬টি বোট জব্দ করা হয়।

​কোস্ট গার্ডের লে. মুহতাদীন ইসলাম জানান, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথ ও সমন্বিতভাবে এ অভিযান অব্যাহত রয়েছে। আইনি ব্যবস্থার পাশাপাশি জেলেদের সচেতন করতে নদী তীরবর্তী এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
​

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন