POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ১০ জেলে আটক : ৭ জনের কারাদণ্ড

সুমন আহমেদ | প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬ | সময়: ৮:৩৭ অপরাহ্ণ

মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্তবয়স্ক দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) ভোররাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি। অভিযানে দুটি নৌকা, প্রায় ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ দুটি এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ এবং কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের ঋণের কিস্তি আদায়ে কোনো ধরনের চাপ প্রয়োগ না করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এনজিওগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এ বছর মতলব উত্তরে প্রায় ৯০৪ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়েছে। প্রকৃত জেলেদের তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে ধারাবাহিক অভিযান চলছে। অভিযানে আটক ১০ জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি আটজনের মধ্যে সাতজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে নিষেধাজ্ঞার পুরো সময় অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন