POPULAR BD NEWS
Popular BD News Logo

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬ | সময়: ৮:৫২ পূর্বাহ্ণ

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের শসস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন। খবর, রয়টার্সের।

 

শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে এটি রিয়াদ বিমানবন্দরে হুতিদের তৃতীয় হামলা।

 

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, আহতের সংখ্যা ৩০৯।

 

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে ব্যাপক চাপ তৈরি হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

হামলাটি গত এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি এ হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। দেশটির সতর্কীকরণ ব্যবস্থাও কোনো সংকেত দেয়নি। চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগের দুটি হামলায় চারজন নিহত হন। এ ছাড়া বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা সৌদি একটি বাণিজ্যিক উড়োজাহাজের ব্যাপক ক্ষতি হয়।

 

এদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। স্থলযুদ্ধে ইয়েমেন সরকারের বাহিনীকে সহায়তা করতেই এ অভিযান চালানো হচ্ছে। তবে হুতিদের প্রাণঘাতী হামলাগুলো সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন