POPULAR BD NEWS
Popular BD News Logo

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান

হাসান মাহমুদ | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬ | সময়: ১০:১৫ পূর্বাহ্ণ

শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান ও দীর্ঘদিনের একাডেমিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উচ্চগাঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (গণিত) মুহাম্মদ আনিছুর রহমান মজুমদার ।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননার পদক, সনদপত্র ও ২ লাখ টাকার চেক তুলে দেন।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, আনিছুর রহমান মজুমদার দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির গণিত বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পাঠকে সহজ ও সৃজনশীল পদ্ধতিতে উপস্থাপন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে আসছেন।

মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো. মোজাম্মেল হোসেন পরান মজুমদার বলেন, সহকারী শিক্ষক আনিছুর রহমান মজুমদারের জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি মাদ্রাসার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তাঁর হাতে সম্মাননা, সনদ ও অর্থ পুরস্কার তুলে দেওয়া আমাদের শিক্ষা পরিবারের জন্য আনন্দ ও গৌরবের বিষয়।

এক প্রতিক্রিয়ায় সহকারী শিক্ষক মুহাম্মদ আনিছুর রহমান মজুমদার বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি একজন শিক্ষকের জন্য নিঃসন্দেহে অত্যন্ত আনন্দ ও গর্বের। একইসঙ্গে এই সম্মাননা আমার দায়িত্ববোধও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পাওয়া এই সম্মাননা ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির সেবায় কাজ করার অনুপ্রেরণা জোগাবে। এসময় তিনি মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্টসহ সহকর্মীদের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন