‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের জীবনের অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের জন্য মূল্যবান। প্রবীণদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তারসহ অন্যরা।
আলোচনায় বক্তারা প্রবীণদের অধিকার, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দীর্ঘায়ু মানুষের জীবনমান উন্নয়ন এবং সমাজে প্রবীণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।