শৃঙ্খলাভঙ্গ ও মেয়াদোত্তীর্ণতার কারণ দেখিয়ে বিএনপির ঢাকা মহানগর উত্তর, মহানগর উত্তর যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই দিনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে সংগঠনবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে শিগগিরই মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে একই দিনে বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু। তাঁদের বিরুদ্ধে অনৈতিক আচরণ ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করেছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব। যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
একই কারণে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটিও বিলুপ্ত করা হয়েছে। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত নতুন কমিটি ঘোষণা করা হবে।
এর পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর পশ্চিম ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্ত অনুমোদন করেন।
দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দারুসসালাম থানা শাখার দুই নেতাকেও বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমান। সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নির্দেশে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাঁদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রমিক দলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ। শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ নিয়ে আলোচনা চলছিল। তবে বুধবার প্রকাশিত দলীয় বিজ্ঞপ্তিগুলোতে ওই ঘটনার কোনো উল্লেখ করা হয়নি। সেখানে কমিটি বিলুপ্তির ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণতা এবং বহিষ্কারের ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গ, অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ডের সভাপতি মফিজুর রহমান মামুনকে একই ধরনের অভিযোগে বহিষ্কার করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মালয়েশিয়ায় অবস্থান করে তিনি মিরপুর এলাকায় একটি অপরাধী চক্র নিয়ন্ত্রণ করতেন। তাঁর দুই ভাই জামিল রহমান ও মশিউর রহমানের মাধ্যমে দেশে ওই চক্র পরিচালিত হতো বলেও সূত্রের দাবি। চক্রটির বিরুদ্ধে চাঁদাবাজি, ঝুট ব্যবসা দখল, জমি দখল ও মাদক বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।