POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬ | সময়: ১০:২২ পূর্বাহ্ণ

চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলায় রাতের বেলা অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ৪৯ জন কিশোরকে আটক করেছে পুলিশ। এর মধ্যে চাঁদপুর সদর থানায় ২৮ জন এবং শাহরাস্তি থানায় ২১ জন কিশোরকে আটক করা হয়। পরবর্তীতে অভিভাবকদের মুচলেকা ও সংশোধনের সুযোগ দিয়ে বেশিরভাগ কিশোরকে ছেড়ে দেওয়া হলেও চাঁদপুর সদরে আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

​বুধবার সকালে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদ-জানান, পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ২৮ জন কিশোরকে আটক করে থানায় আনা হয়।

​জিজ্ঞাসাবাদে তারা রাতে ঘোরাফেরার কোনো সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। আটককৃতদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায়, প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকিদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন, ১ জন ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি এবং ৩ জনের বিরুদ্ধে রিপোর্ট সাপেক্ষে মাদক সেবন মামলা রুজুর অপেক্ষায় রয়েছে। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জন আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

​একই রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান-এর দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জন কিশোরকে আটক করে থানা পুলিশ।

​জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে না পারায় তাদের অভিভাবকদের থানায় ডাকা হয়। এ সময় কিশোররা ভবিষ্যতে রাতে অযথা ঘোরাফেরা করবে না মর্মে অভিভাবকদের উপস্থিতিতে অঙ্গীকার করে। পরে থানায় রেকর্ডপত্র যাচাই করে পূর্বের কোনো অপরাধের রেকর্ড না থাকায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

কিশোরদের মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরদের সঠিক পথে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন