POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু, কিশোর গুরুতর আহত

কামরুজ্জামান টুটুল | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৬ | সময়: ৮:৩৩ পূর্বাহ্ণ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সায়েম নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাকিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন হোসেন হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রাধাসার গ্রামের আলমগীর বেপারীর ছেলে। বাবা-মায়ের বিচ্ছেদের পর সে মা সাবিনা ইয়াসমিনের সাথে নানা বাড়িতে থেকে বড় হয়।

বাকিলা এলাকার ত্রিমোহনী থিম পার্কের স্বত্বাধিকারী আল আমিন জানান, ইয়াছিন তার পার্কে কাজ করতো। কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ছোটবেলায় ইয়াছিনের বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে সে মায়ের সাথে নানা বাড়ি রাধাসার গ্রামে থাকতো। প্রায় ৭ বছর ধরে সে আমার পার্কে কাজ করছে। তার বেতনেই তার মায়ের ভরণপোষণ চলতো।

আহত কিশোর সায়েম পার্ক সংলগ্ন এলাকার আক্তার হোসেনের ছেলে। দুর্ঘটনায় তার বাম হাত থেঁতলে গেছে। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন