POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে উচ্ছেদের এক মাসের মধ্যেই সড়কের জায়গা দখলের পাঁয়তারা, রক্ষার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৬ | সময়: ৩:৪২ অপরাহ্ণ

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখলের পাঁয়তারার প্রতিবাদে ও সরকারি জায়গা দখলমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছেন হাজী মোবারক মার্কেটের ব্যবসায়ীরা।

​বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাবুরহাট মোবারক মার্কেটের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা জানান, প্রায় এক মাস আগে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু সম্প্রতি পুনরায় সেই জায়গা দখলের চেষ্টা চলছে। এই ধরনের অবৈধ দখলের কারণে পথচারী ও ক্রেতাদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং যানজট সৃষ্টি হয়ে স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।

ব্যবসায়ীরা আরও জানান, দীর্ঘদিনের এই যানজটের কারণে সাধারণ ক্রেতারা মার্কেটে আসতে চান না, যার ফলে ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী একবার উচ্ছেদ হওয়া জায়গায় যেন আর কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেজন্য প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

​এ বিষয়ে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী কর্মকর্তা ভুঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, “যে জায়গা নিয়ে কথা হচ্ছে, সেটি সওজের কতটুকু এবং কার জায়গায় পড়েছে তা যাচাইয়ের জন্য সার্ভেয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে। জমির ম্যাপ ও নকশা দেখে আমাদের সীমানা নির্ধারণ করা হচ্ছে। যদি সেখানে আমাদের জায়গায় কোনো অবৈধ স্থাপনার চেষ্টা করা হয়, তবে তা উচ্ছেদ বা ভেঙে ফেলা হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

মানববন্ধনে হাজী মোবারক মার্কেট এর সভাপতি মোঃ আরিফুর রহমান তালুকদার, সেক্রেটারী রাজীব তালুকদার, কোষাধ্যক্ষ, সদস্য মাহফুজ তালুকদার, মো: মোস্তফা, মো: আলী, মজিবুর রহমান, মকবুল আহমেদ, নাসির বকাউল, শাহজাহান মালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন