POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ডোপ টেস্টের উদ্যোগের পর পুলিশ ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই মামুন

মনিরুজ্জামান বাবলু | প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬ | সময়: ৮:৪৪ অপরাহ্ণ

​চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মামুন উর রশিদের ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার পর তাকে ফাঁড়ি ও বাসায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ বিভাগে তোলপাড় শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

​নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই মামুনের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তার ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু টেস্টের জন্য খোঁজ করা হলে তাকে ফাঁড়িতে পাওয়া যায়নি। পরবর্তীতে তার বাসায় গিয়েও তার দেখা মেলেনি।

​ফাঁড়ির ইনচার্জ আরও বলেন, পুলিশ সুপারের নির্দেশে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

​তাৎক্ষণিকভাবে ওই এসআইয়ের গ্রামের বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা থানা ও ফাঁড়ির ইনচার্জ জানাতে পারেননি।

​তবে এখন পর্যন্ত পরীক্ষার মাধ্যমে এসআই মামুন উর রশিদ মাদক গ্রহণ করেছেন কি না, তা প্রমাণিত হয়নি।
এমনকি তিনি কেন ফাঁড়ি বা বাসায় থেকে লাপাত্তা, সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়।

​এ বিষয়ে বুধবার রাতে চাঁদপুর জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইদিন ধরে এসআই মামুনের খোঁজ মিলছে না। তার ডোপ টেস্ট হওয়ার কথা ছিল। এখন আইনগত প্রক্রিয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন