POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ইউএনওর নতুন উদ্যোগ ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, ধাক্কা দিন দরজা খুলে যাবে’

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬ | সময়: ৪:৫০ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন। দক্ষতা, ধৈর্যশীলতা ও বিচক্ষণতার মাধ্যমে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
তার দায়িত্বকালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে বলে স্থানীয়ভাবে প্রশংসা রয়েছে। এছাড়া সম্প্রতি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনেও তার দক্ষতা, ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় মিলেছে।

সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে গিয়ে তাদের সমস্যা শোনা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইউএনও ইবনে আল জায়েদ হোসেনকে অনেকটা জনপ্রতিনিধির মতোই সক্রিয় দেখা যায়। সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে অযথা বিড়ম্বনা বা সংকোচের শিকার না হন, সে বিষয়েও তিনি গুরুত্ব দিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান দরজায় একটি ব্যতিক্রমী সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’। এর নিচে রয়েছে  ‘ধাক্কা দিন দরজা খুলে যাবে’।

সাইনবোর্ডটি নিয়ে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, সরকারি কর্মকর্তার কক্ষে প্রবেশের ক্ষেত্রে সাধারণ মানুষের যে অযথা সংকোচ বা দ্বিধা থাকে, এই উদ্যোগ তা অনেকটাই দূর করবে।

এ বিষয়ে ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, “মানুষ যেন ইউএনও অফিসে এসে সহজভাবে তার সেবা পেতে পারে, সেজন্যই আমার এই উদ্যোগ।”

তার এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, সেবা প্রত্যাশী মানুষকে সহজে কাছে পাওয়া এবং সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ভোগান্তি কমানো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন