POPULAR BD NEWS
Popular BD News Logo

কোস্ট গার্ডের জরুরি সেবায় লঞ্চে অসুস্থ নারীর জীবন রক্ষা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬ | সময়: ৫:৪৪ অপরাহ্ণ

কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে খিঁচুনিজনিত কারণে অচেতন হয়ে পড়া এক নারীকে দ্রুত চিকিৎসা সহায়তা দিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছে কোস্ট গার্ড।

শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে জনৈক এক মহিলা তার পুত্রবধূকে নিয়ে ঢাকার সদরঘাট থেকে “ফারহান-৩” লঞ্চে ভোলার উদ্দেশ্যে রওনা হন। রাত ১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে তার পুত্রবধূ হঠাৎ খিঁচুনি দিয়ে অচেতন হয়ে পড়েন।

এসময় লঞ্চের অন্য এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চান।

সংবাদ পাওয়ার পর কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত লঞ্চে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। পরে রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য কোস্ট গার্ডের বোট দিয়ে হরিণা ফেরিঘাটে আনা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন