POPULAR BD NEWS
Popular BD News Logo

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের মতলব উত্তরের প্রবাসী জামাল মিয়া নিহত

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬ | সময়: ৪:২২ অপরাহ্ণ

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া । গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে সাউথ আফ্রিকা সময় আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত জামাল মিয়া জীবিকার তাগিদে ৪-৫ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে তিনি কষ্টের অর্জিত অর্থে একটি ভ্যারাইটি সুপারশপ দোকান গড়ে তোলেন এবং নিজেই একজন কর্মচারী রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ঘটনার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী তার দোকানে হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল মিয়া নিহত হন। এ সময় দোকানে থাকা অপর এক কর্মচারী গুরুতর আহত হয়ে বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​নিহতের পরিবার সূত্রে জানা যায়, জামাল মিয়ার বাবা মো. ছিডু মিয়া ব্যাপারী, মা খুকুমণি এবং স্ত্রী মাজেদা বেগম রয়েছেন।

এছাড়া তাদের তিন সন্তান রয়েছে—বড় ছেলে বায়েজিদ (৮), মেজো মেয়ে সিনথিয়া (৩) এবং ছোট মেয়ে সামিরা আক্তার (২)। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব।

ছোট্ট শিশুগুলোর মাথার উপর থেকে চিরতরে বাবাকে হারানোর শোকের মাতমে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের বাবা মো. ছিডু মিয়া ব্যাপারী বাংলাদেশ ওয়েজ আর্নার্স প্রবাসী কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে যেন দ্রুত তার ছেলের মরদেহ বাংলাদেশে এনে নিজ গ্রাম সিপাইকান্দিতে দাফন করার ব্যবস্থা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারটির আর্থিক ক্ষতিপূরণ এবং দক্ষিণ আফ্রিকার প্রচলিত আইনের মাধ্যমে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন