POPULAR BD NEWS
Popular BD News Logo

ছেলের হাতে বাবা খুন

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬ | সময়: ১০:৩১ পূর্বাহ্ণ

নেত্রকোনার মদনে বটির আঘাতে কুন্ডু মিয়া ওরফে এলাহি (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে আলাই মিয়া ওরফে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ। বুধবার ভোরে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে প্রায় দুই দিন ধরে ইয়াসিন ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না। বুধবার ভোরে নামাজ শেষে কুন্ডু মিয়া রান্নাঘরে চা বানাতে যান। এ সময় ইয়াসিনও সেখানে উপস্থিত হন। বাবা তাকে কলা বা অন্য কিছু খেতে বললে, একপর্যায়ে ইয়াসিন রান্নাঘরে থাকা বঁটি দিয়ে বাবার ঘাড়ের পেছনে কোপ দেন।

বটির আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান কুন্ডু মিয়া। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ইয়াসিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন করিম জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে ইয়াসিনের কিছুটা মানসিক সমস্যার কথা জানা গেছে। তবে বিষয়টি পুলিশ যাচাই করে দেখছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন