POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কিত পৌরবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬ | সময়: ৭:৩১ অপরাহ্ণ

চাঁদপুর পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাওয়ায় সাধারণ পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে চলাচল করছে।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে ভোর ও গভীর রাতে কুকুরের দলবদ্ধ চলাচল বেড়ে যায়। এসময় হঠাৎ আক্রমণের আশঙ্কায় মানুষ প্রয়োজনে রাস্তায় বের হতেও ভয় পাচ্ছেন।

পৌরসভার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে এসব বেওয়ারিশ কুকুর। রাতে আক্রমণের ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, _”এসব বেওয়ারিশ কুকুরের ভয়ে প্রয়োজনের সময়ও রাস্তায় বের হতে আতঙ্ক লাগে। ছোট ছোট স্কুলগামী বাচ্চারাও এদের ভয়ে একা বের হতে চায় না।”_

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বেওয়ারিশ কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি রয়েছে। কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে এসে টিকা নেওয়া জরুরি। _”আমরা প্রতিদিনই এ ধরনের রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছি”_ বলেও জানান তারা।

তাদের মতে, কুকুর নিধন বা নিয়ন্ত্রণ না করায় দিন দিন এদের সংখ্যা ও উপদ্রব বাড়ছে।

বর্তমান পরিস্থিতিতে পৌরবাসীর দাবি, জরুরি ভিত্তিতে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে পৌরসভাকে উদ্যোগ নিতে হবে। পশু চিকিৎসা বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কুকুর নির্বীজন বা নিধনের কার্যকর অভিযান চালু না করলে এদের আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।

এ বিষয়ে পৌর প্রশাসনের কাছে সাধারণ মানুষের আহ্বান, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে পৌর এলাকায় নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করা হোক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন