চাঁদপুরের মতলব উত্তরে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় ইঞ্জিনচালিত অবৈধ ট্রলির ধাক্কায় ফারিয়া নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
রোববার ৬ সেপ্টেম্বর সকালে মতলব উত্তর থানার পূর্ব পাশে ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফারিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের বেপারী বাড়ির কাউসার বেপারীর মেয়ে। তার মায়ের নাম ফারজানা আক্তার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফারিয়া মায়ের হাত ধরে বাজারে যাচ্ছিল। এসময় একটি ইঞ্জিনচালিত ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নিহত শিশুর মা ফারজানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ে আমার হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলিটি এসে ধাক্কা দেয়। চোখের সামনে আমার মেয়েটা পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বললেন আমার মেয়ে আর নেই। যারা এভাবে বেপরোয়া গাড়ি চালায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, মতলব উত্তরের বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত অবৈধ ট্রলি ও টমটম অবাধে চলাচল করছে। বেপরোয়া গতির কারণে পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শিশু ফারিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা নিলে হবে না, জনবহুল সড়কে ঝুঁকিপূর্ণ এসব যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান প্রয়োজন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, ‘সুরুজ প্লাজার সামনে ট্রলির ধাক্কায় শিশু নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রলিটি উদ্ধার করা হয়েছে। চালক পালিয়েছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”