POPULAR BD NEWS
Popular BD News Logo

দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ

হাবিবুর রহমান | প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬ | সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহ-সভাপতি ও ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন মোল্লার উপস্থিতিতে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হোসেন মোল্লা বলেন,শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের প্রত্যেক সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি শিশুর ভালো ফলাফলের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা ও নিয়মিত তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও উন্নত করার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সচেতন ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

ফারুক হোসেন মোল্লা বলেন, দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব। শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয় এবং তাদের উৎসাহিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি, বাড়িতে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা এবং শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন