POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৩ দিনব্যাপী রেড ক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

আর্ত মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সদস্যদের আরো তৎপর থাকতে হবে: চেয়ারম্যান অ্যাড: এ কে এম সলিমউল্লাহ সেলিম

গাজী মো: সবুজ | প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬ | সময়: ১২:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের উদ্যোগে ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত আয়োজিত তিন দিনব্যাপী রেড ক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের হলরুমে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের এ্যাডহক কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রেড ক্রিসেন্টের যুব সদস্যরা দুর্যোগ, দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এ ধরনের প্রশিক্ষণ যুব সদস্যদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানবিক সেবায় আরও কার্যকরভাবে কাজ করার সক্ষমতা তৈরি করবে।

দুর্যোগ ও সংকটের সময়ে দ্রুত মানুষের পাশে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ যুব রেড ক্রিসেন্ট সদস্যদের দক্ষতা বৃদ্ধি করে মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের এ্যাডহক কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি ফয়সাল আহমদ বাহার, এ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য তমাল কুমার ঘোষ, কাজী শাহাদাত, সোহেল রুশদী, জওহর লাল আচার্য্য ও মো. রিয়াজুর রহমান রানা।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসা, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া প্রদান, আহত ব্যক্তিকে প্রাথমিক সহায়তা প্রদান এবং দুর্যোগ ও সংকটকালীন সময়ে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষক মো. বায়েজীদ চৌধুরী। এছাড়া জাতীয় সদর দপ্তরের সম্পদ ও সংগঠন পরিচালনা বিভাগের প্রধান সৌরভ চন্দ্র দাস প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ।
এসময় যুব সদস্যদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-যুব প্রধান-২ নূর মোহাম্মদ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুব সদস্যরা বলেন, তিন দিনের প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন। ভবিষ্যতে দুর্যোগ ও সংকটকালীন সময়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মানবতার সেবায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের হলরুমে ২৪ আগস্ট শুরু হওয়া এ তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম বুধবার (২৬ আগস্ট) আলোচনা সভা পুরস্কার ও সার্টিফিকেট বিতরনের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন