POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

হাবিবুর রহমান | প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬ | সময়: ১২:০৩ পূর্বাহ্ণ

ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে ফরিদগঞ্জ থানার উদ্যোগে উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে ইউনিয়নের বাসারা বাজার এলাকায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী র‍্যালিতে নেতৃত্ব দেন ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) আল-আমীন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার এসআই হুমায়ূন, এএসআই আকাশ, সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইমান হোসেন, বিএনপি নেতা সৈয়দ হোসেন নয়ন এবং ছাত্রনেতা অনিক হাসান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালিটি বাসারা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি।

ফরিদগঞ্জ থানার পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। র‍্যালিতে উপস্থিত স্থানীয় বাসিন্দারাও মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগের প্রতি সমর্থন জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন