চাঁদপুর পৌরসভার গাছতলা এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানাধীন গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন: পিকআপ চালক ইমন (২২), সিএনজি চালক আনোয়ারা (৩৫) এবং যাত্রী এনাম (৪৯), রাহাত (২৮), রাসেল খান (২৬) ও আনু ব্যাপারী (৫৫)।
স্থানীয়রা জানান, দুপুরে গাছতলা এলাকায় পিকআপ ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির চালক ও সিএনজিতে থাকা যাত্রীরা আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে আহত ৬ জনই ওই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করছে বলে জানা গেছে।