POPULAR BD NEWS
Popular BD News Logo

দ্বিতীয় দফায় ৬১ পৌরসভার ভোট ১৬ জানুয়ারি

ডেস্ক নিউজ | প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২০ | সময়: ৫:৩২ অপরাহ্ণ

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দফায় ৬১টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বুধবার (২ ডিসেম্বর) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

ইসি সচিব জানান, ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।

একই জেলার একাধিক পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে মো. আলমগীর বলেন, ‘ব্যালট এবং ইভিএম ব্যবহারের ক্ষেত্রে আমরা বিবেচনায় নিয়েছি যে, একটি জেলায় একইসঙ্গে ব্যালটে এবং ইভিএমে ভোট হবে।

ডিসেম্বরে চট্টগ্রাম সিটির ভোট হতে পারে

এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে। এখানে তফসিল দেওয়ার কোনও প্রয়োজন নেই। কেবলমাত্র ভোটের তারিখ ঘোষণা হবে। কমিশনের সিদ্ধান্ত হলে ভোটের তারিখ জানানো হবে। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে ভোট হতে পারে। তবে কোনও কারণে ডিসেম্বরে সম্ভব না হলে জানুয়ারিতে হবে।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠানে ফেব্রুয়ারি পর্যন্ত ইসির হাতে সময় আছে বলেও সচিব জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন