মাদক প্রতিরোধে চট্টগ্রামের ১১টি জেলায় একযোগে মাদক বিরোধী অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরে মাদকবিরোধী সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। চাঁদপুর শহরের রাজবাড়ি পৌর অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ।
সমাবেশ শেষে মাদক বিরোধী বর্ণাঢ্য একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
মাদকের শিকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়ে ডিআইজি আরো বলেন, যাদের প্রকাশ্য জীবিকা নাই কিন্তু মাদক ব্যবসা করে বাড়ি-গাড়ি করেছেন, তাদের কোন ছাড় দেয়া হবে না।
প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো, বিভিন্ন মসজিদের ঈমামদের ভূমিকা রাখার আহ্বান জানান। সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমে চাঁদপুরকে মাদকমুক্ত করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।