POPULAR BD NEWS
Popular BD News Logo

৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ | সময়: ১:০৬ অপরাহ্ণ

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিলের বিধানসংবলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে রিটের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ।

তিনি বলেন, রিটটি এখনো এখতিয়ারসম্পন্ন কোনো বেঞ্চে উপস্থাপন করা হয়নি। তবে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চে এটি উপস্থাপন করতে পারেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। তবে এ কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

রিটে কী চাওয়া হয়েছে জানতে চাইলে আইনজীবী ইউনূছ আলী আকন্দ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি ৭০ অনুচ্ছেদ বহাল থাকা অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, আদালত প্রাথমিক শুনানি শেষে রুল জারি করলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত রাখার আবেদন করা হয়েছে।

রিটে আইনসচিব ও মন্ত্রিপরিষদসচিবকে বিবাদী করা হয়েছে বলে জানান রিটকারী।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।

তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন