POPULAR BD NEWS
Popular BD News Logo

জিম্বাবুয়ে ৯০ জনের ফেরিতে ছিল ১২০ যাত্রী, ডুবে ৪৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ | সময়: ১০:৫২ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের কারিবা হ্রদে একটি ফেরি ডুবে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বৈরী আবহাওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বিবিসির প্রতিবেদনে কারিবা হ্রদের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। কিন্তু দুর্ঘটনার সময় এতে প্রায় ১২০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১২ জন শিশু ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই এক প্রত্যক্ষদর্শী জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করার সময় পানিতে একাধিক মরদেহ ভাসতে দেখা যায়।

জিম্বাবুয়ে সিভিল প্রোটেকশন ইউনিট জানিয়েছে, নিবন্ধিত টিকিট বিক্রির হিসাব অনুযায়ী ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন। এ ছাড়া টিকিট কেনার নির্ধারিত বয়সের কম বয়সী শিশুরাও ফেরিতে থাকতে পারে। তবে তাদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

দেশটির রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির মালিকানাধীন ফেরিটি উত্তরাঞ্চলীয় কারিবা শহরের সঙ্গে কয়েকটি দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে যাত্রী পারাপারে ব্যবহৃত হতো।

দুর্ঘটনার সময় বৈরী আবহাওয়া বিরাজ করছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অতিরিক্ত যাত্রী বহন এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ফেরিটি দুর্ঘটনার শিকার হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন