POPULAR BD NEWS
Popular BD News Logo

সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘরে যেতে পারবে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬ | সময়: ১২:৫৪ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এর আওতায় সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘সপ্তাহে একদিন বিনামূল্যে স্কুলের শিক্ষার্থীদের জন্য জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘরেও ফ্রিতে প্রবেশের ব্যবস্থা করা হবে।’

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হলেও শেষ পর্যন্ত জাদুঘরটি চালু হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা কথা হয়েছিল। শেষ পর্যন্ত সেসব কথা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পরপরই জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা অসুবিধা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেই সমস্যাগুলো সমাধান করা হয়েছে।’

জাদুঘর চালুর পর দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির কারণে সাময়িকভাবে ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছিল বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘জাদুঘরের ব্যবস্থাপনায় যে সমস্যাটি তৈরি হয়েছিল, তার মূল কারণ ছিল দর্শনার্থীদের অতিরিক্ত চাপ। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। ফলে উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করায় ব্যবস্থাপনায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল।’

বর্তমানে জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটাই স্বাভাবিক অবস্থায় এসেছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে জানাতে নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘এখন জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটা গুছিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য তুলে ধরতে সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন